বিদ্যালয়ে ভর্তি পদ্ধতি পরিবর্তন, থাকছে না লটারি পদ্ধতি
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বহুল আলোচিত লটারি পদ্ধতি বাতিল করছে সরকার। এর পরিবর্তে ‘ক্যাচমেন্ট এরিয়া’ (এলাকাভিত্তিক কোটা) এবং শিশুদের উপযোগী একটি ‘নামমাত্র’ বা প্রতীকী পরীক্ষার সমন্বয়ে নতুন একটি ভর্তি ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে শিশুদের ওপর মানসিক চাপ কমাতে এই পরীক্ষা প্রচলিত কোনো কঠিন পরীক্ষা হবে না বলে আশ্বস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, নতুন এই ভর্তিপ্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে না এবং এর জন্য শিশুদের কোনো কোচিং সেন্টারে যাওয়ার কিংবা বাড়তি পড়াশোনার কোনো প্রয়োজন পড়বে না।
ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস ওয়ানে ভর্তির ব্যাপারে আমরা বলেছি, একটা নামমাত্র (নোমিনাল) ভর্তি পরীক্ষা নেব। একই সঙ্গে আমরা ক্যাচমেন্ট এরিয়া নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ও এই নামমাত্র পরীক্ষা—দুটোকে সমন্বয় করে স্কুলের আসন সংখ্যা অনুযায়ী ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার ধরন ঠিক কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রসাত্মক সুরে মন্ত্রী বলেন, আমরা এমন কোনো কঠিন পরীক্ষা নেব না যাতে মনে হয় ‘নিউরোসায়েন্টিস্ট’ বানানোর জন্য ক্লাস ওয়ানের ছেলে-মেয়েদের পরীক্ষা নিচ্ছি! একটু সময় দিন, পদ্ধতিটি দেখতে পাবেন।
তিনি আরও জানান, পরীক্ষার চূড়ান্ত কাঠামো নিয়ে এখনও বিস্তারিত আলোচনা বাকি রয়েছে, তবে স্থানীয় পর্যায়ে স্কুলের আসন এবং সংশ্লিষ্ট এলাকার ওপর ভিত্তি করেই এটি নির্ধারণ করা হবে।
অতীতে প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক অনিয়ম ও কোটি কোটি টাকার ভর্তি বাণিজ্যের কথা সাংবাদিকরা স্মরণ করিয়ে দিলে মন্ত্রী আত্মবিশ্বাসের সাথে বলেন, সেটা অতীতে হতো, এখন আমরা বিষয়টি শক্তভাবে তদারকি করছি। আমরা ক্যাচমেন্ট এরিয়া এবং পরীক্ষা—দুটোর চমৎকার সমন্বয় করেই এটি করব।
প্রথম শ্রেণিতে ভর্তির এই নতুন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা ও নীতিমালা তৈরির কাজ দ্রুত গতিতে চলছে এবং তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
No comments yet
Be the first to join the discussion.